গণমাধ্যমে এআই ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান তথ্যমন্ত্রীর

প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিশ্বজুড়ে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে একইসঙ্গে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথাও সামনে এসেছে। এই প্রেক্ষাপটে চীনের চংচিং শহরে অনুষ্ঠিত চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনে দায়িত্বশীল তথ্য ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

গণমাধ্যমে এআই ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান তথ্যমন্ত্রীর
১০ জুন, ২০২৬ ১৯:৫৫  

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। সম্মেলনে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য, চীনের উপতথ্যমন্ত্রী এবং বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত চংচিং শহরেই এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তিনি বলেন, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আরও বলেন, উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে গণমাধ্যম খাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তিগত উদ্যোগ প্রদর্শন করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সফরসূচি অনুযায়ী, সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার দিবাগত রাতেই  তথ্যমন্ত্রী দেশে ফিরবেন।

//ডিবিটেক//আইএইচআইবি/এমইউআইএম//