গ্রুপ চ্যাট আনলো ব্লুস্কাই

গ্রুপ চ্যাট আনলো ব্লুস্কাই
১৩ জুন, ২০২৬ ১৬:৫৭  
১৩ জুন, ২০২৬ ১৪:০৮  

মাইক্রোব্লগিংয়ের দুনিয়ায় ইলন মাস্কের ‘এক্স’ (সাবেক টুইটার)-এর সাথে প্রতিযোগিতাকে আরও জমজমাট করতে বড় কৌশলগত পরিবর্তন এনেছে উদীয়মান সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটি তাদের অ্যাপে বহু প্রতীক্ষিত ‘গ্রুপ চ্যাট’ ফিচার চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ওপেন সোশ্যাল নেটওয়ার্কের চেয়ে এখন নির্দিষ্ট ছোট ছোট দলের পারস্পরিক যোগাযোগ বাড়াতে ‘কমিউনিটি-ভিত্তিক’ মডেলে বেশি মনোযোগ দিচ্ছে কোম্পানিটি। নতুন ওএস আপডেট সংস্করণের মাধ্যমে ফিচারটি ব্যবহারকারীদের ফোনে পৌঁছাতে শুরু করেছে।

সম্প্রতি এক্স তাদের চ্যাটিং সেবাকে চাঙ্গা করতে সম্পূর্ণ আলাদা ‘এক্সচ্যাট’ অ্যাপ এনেছে। তার বিপরীতে ধীরগতির প্রবৃদ্ধির কারণে ব্লুস্কাই কেবল গ্রুপ চ্যাট যুক্ত করতে পারল। বর্তমানে এক্স-এর মাসিক সক্রিয় ব্যবহারকারী যেখানে প্রায় ৬০ কোটি, সেখানে ব্লুস্কাইয়ের মাত্র ৪ কোটি ৪৮ লাখ। থ্রেডস কিংবা এক্স-এর সাথে সরাসরি টক্কর দেওয়া অসম্ভব বুঝতে পেরেই ব্লুস্কাই উন্মুক্ত পোস্টের চেয়ে ব্যক্তিগত বা দলগত যোগাযোগের চমৎকার পরিবেশ তৈরিতে জোর দিচ্ছে।

আপাতত ব্লুস্কাইয়ের একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ৫০ জন যুক্ত হতে পারবেন। গ্রুপের অ্যাডমিন ইনভাইট লিংক তৈরি করে তা পোস্টের ভেতরে ‘এমবেডেড কার্ড’ হিসেবে শেয়ার করতে পারবেন। কে গ্রুপে ইনভাইট করতে পারবে, তা ব্যবহারকারী সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে নিরাপদ পরিবেশ বজায় রাখতে গ্রুপ চ্যাটে আপাতত ছবি বা ভিডিও শেয়ারিং বন্ধ রাখা হয়েছে।

গত এপ্রিলে এক্স তাদের ‘কমিউনিটিজ’ ফিচারটি বন্ধ করে দেয়। এক্স-এর ছেড়ে যাওয়া সেই ফাঁকা জায়গাটিই এখন ধরতে চাইছে ব্লুস্কাই। ফেসবুক গ্রুপ বা রেডিটের মতো এই কমিউনিটিগুলোকে পাবলিক বা সম্পূর্ণ প্রাইভেট রাখা যাবে। বিগ-টেক কোম্পানিগুলোর রোবোটিক মডারেশনের ভিড়ে ব্যবহারকারীদের নিজস্ব প্ল্যাটফর্মের পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়াই এখন ব্লুস্কাইয়ের মূল লক্ষ্য।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ