১৪ জুন শুরু হচ্ছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

আগারগাঁওয়ে বসছে তরুণ বিজ্ঞানীদের মিলনমেলা

আগারগাঁওয়ে বসছে তরুণ বিজ্ঞানীদের মিলনমেলা
১৩ জুন, ২০২৬ ১৮:০৫  
১৩ জুন, ২০২৬ ২০:৪২  

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই যুগোপযোগী শ্লোগানকে বুকে ধারণ করে আগামীকাল থেকে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের জাতীয় পর্যায়ের চূড়ান্ত আয়োজন।

আগামী ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই সুবৃহৎ বিজ্ঞান উৎসব ও মেলা রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত এই মেগা ইভেন্টে অংশ নিতে ইতিমধ্যে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রী, তরুণ বিজ্ঞানী, ক্ষুরধার উদ্ভাবক ও নতুন প্রজন্মের উদ্যোক্তারা ঢাকায় এসে পৌঁছেছেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতি বছর দেশব্যাপী অত্যন্ত সুশৃঙ্খলভাবে মোট চারটি ধাপে এই বিশাল প্রতিযোগিতার আয়োজন করে থাকে। প্রথম ধাপে দেশের সবকটি উপজেলায় তরুণ উদ্ভাবকদের প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে এই যাত্রা শুরু হয়।

আগামীকাল ১৪ জুন থেকে ঢাকার আগারগাঁওয়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের জাতীয় পর্যায়ের চূড়ান্ত আয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত এই উৎসবে দেশের ৪টি ধাপ পেরিয়ে আসা প্রায় ২৫০ জন তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবক অংশ নিচ্ছেন। মেলার পাশাপাশি ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৪ জুন সকালে মেলার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং ১৬ জুন সমাপনীতে বিজয়ীদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এরপর উপজেলা পর্যায়ের সেরা ও বিজয়ী প্রতিযোগীরা জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয় এবং জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে তুমুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ বিভাগীয় পর্যায়ের বিজয়ী এবং দেশসেরা প্রজেক্টগুলোকে নিয়ে আয়োজিত হয় এই চূড়ান্ত বা জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।

এবারের তিন দিনের জাতীয় বিজ্ঞান উৎসবে সারাদেশের বিভিন্ন ক্যাটাগরি থেকে উঠে আসা প্রায় ২৫০ জন বাছাইকৃত চূড়ান্ত প্রতিযোগী ও মেধাবী উদ্ভাবক অংশ নিচ্ছেন। মেলা প্রাঙ্গণে অপেশাদার তরুণ বিজ্ঞানীদের বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শনের পাশাপাশি একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

প্রসঙ্গত, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ১৯৭৮ সাল থেকে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করে আসছে এবং পরবর্তীতে ২০১৭ সাল থেকে এর সাথে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতাকে যুক্ত করা হয়।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামীকাল ১৪ জুন (রোববার) সকাল ১০টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জাতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এরপর আগামী ১৬ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের এই উৎসবের পর্দা নামবে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশসেরা খুদে বিজ্ঞানীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেবেন মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ। উদ্বোধনী ও সমাপনী—উভয় অনুষ্ঠানেই সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো. আনোয়ার হোসেন।

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষের প্রত্যাশা, মেধা ও মননের টেকসই প্রয়োগ এবং সৃজনশীলতার সর্বোচ্চ উৎকর্ষ সাধনের মাধ্যমে এই খুদে বিজ্ঞানীরাই প্রযুক্তিগত সমাধান দিয়ে আগামীর একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে। তিন দিনের এই বর্ণিল আয়োজনে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, দেশের বিশিষ্ট বিজ্ঞানী, সরকারের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ এবং সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকের সমাগম ঘটবে। প্রতিদিন সকাল থেকে সাধারণ দর্শনার্থী ও বিজ্ঞানানুরাগী মানুষ মেলা প্রাঙ্গণে এসে খুদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবন দেখার সুযোগ পাবেন।

//ডিবিটেক/এসএইচ/আরএ//