অনলাইন সেমিনার-কর্মশালার সম্মানী পুনর্নির্ধারণ
অনলাইনে আয়োজিত সরকারি সেমিনার ও কর্মশালার সম্মানীর হার পুনর্নির্ধারণ করেছে অর্থ বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী মূল প্রবন্ধ উপস্থাপক, সঞ্চালক, আলোচক, র্যাপোর্টিয়ার ও অংশগ্রহণকারীদের জন্য পৃথক সম্মানী নির্ধারণ করা হয়েছে।
সরকার পরিচালন বাজেটের আওতায় অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) আয়োজিত সেমিনার ও কর্মশালার বিভিন্ন খাতের সম্মানীর হার পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী মূল প্রবন্ধ উপস্থাপক, সঞ্চালক, আলোচক, র্যাপোর্টিয়ার এবং অংশগ্রহণকারীদের জন্য পৃথক সম্মানী নির্ধারণ করা হয়েছে।
১৭ জুন, বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি শাখা-২ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত পরিপত্রে নতুন সম্মানী কাঠামো প্রকাশ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, অনলাইন সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক ৪ হাজার ৫০০ টাকা সম্মানী পাবেন। সঞ্চালকের জন্য সম্মানী নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা।
এছাড়া সর্বোচ্চ তিনজন আলোচককে জনপ্রতি ৪ হাজার টাকা করে সম্মানী দেওয়া যাবে। র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালনকারীরা জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে সম্মানী পাবেন। এ খাতে সর্বোচ্চ দুইজনকে সম্মানী প্রদানের সুযোগ রাখা হয়েছে।
সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি ১ হাজার টাকা করে সম্মানী পাবেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
অর্থ বিভাগ জানিয়েছে, অনলাইন সেমিনার ও কর্মশালার সম্মানী সংক্রান্ত ২০২১ সালের ২৫ আগস্ট জারি করা ২২৯ নম্বর স্মারক বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে নতুন পরিপত্র অনুযায়ী সম্মানী পরিশোধ করা হবে। পরিপত্র জারির দিন থেকেই এ নির্দেশনা কার্যকর হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থায় অনলাইনভিত্তিক সভা, সেমিনার এবং কর্মশালার সংখ্যা বেড়েছে। বর্তমান বাস্তবতা বিবেচনায় সম্মানীর হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
তাদের মতে, নতুন হার কার্যকর হলে অনলাইনভিত্তিক জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ এবং নীতিনির্ধারণী কার্যক্রমে বিশেষজ্ঞ, গবেষক ও অংশগ্রহণকারীদের সম্পৃক্ততা আরও বাড়বে।
//ডিবিটেকিএফপিও/ইকে//





